সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা–সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (যুবক) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট সংলগ্ন বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধণগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নিহতের দাদা সানেয়ার হোসেন জানান, সকালে রুবেল রেললাইন ধরে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হেডফোন ব্যবহারের কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
