ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান

প্রতিনিধি,বেনাপোল :
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার রাতে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচের প্রথম চালান বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরিচের এই চালান বাজারজাতকরণের জন্য ঢাকায় পাঠানো হয়।
​আমদানিকৃত কাঁচামরিচ বন্দর থেকে খালাসকরণে সহযোগিতা করে শিমু এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।
​বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, কাঁচা মরিচ দ্রুত পচনশীল হওয়ায় ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুততার সাথে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভারত সীমান্তে কাঁচা মরিচবোঝাই আরও কয়েকটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
​মরিচ আমদানিকারক শাহাজান জানান, পরিবহন ও অন্যান্য খরচসহ প্রতি কেজি কাঁচা মরিচে আমদানি খরচ পড়েছে প্রায় ১৩৫ টাকা। বাজারে কাঁচা মরিচের প্রচুর চাহিদা থাকায় সামান্য লাভে এগুলো বিক্রি করা হবে। আমদানির পরিমাণ বাড়লে বাজারে দাম দ্রুত নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতার কারণে অতিরিক্ত রাজস্ব গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী। তাঁর মতে, এসব জটিলতায় আমদানি খরচ বৃদ্ধির পাশাপাশি আমদানিকারকরা লোকসানের ঝুঁকিতে পড়ছেন।
​এদিকে মঙ্গলবার বেনাপোল ও শার্শা এলাকার স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ভারত থেকে আমদানিকৃত মরিচ বাজারে পৌঁছালে দু-একদিনের মধ্যেই দাম অনেক কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিক্রেতারা।