বিএনপির এমপি’র ওপর হামলা, গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ও ইট নিক্ষেপ

প্রতিনিধি,সিরাজগঞ্জ:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় এমপিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি।

এ ঘটনায় সংসদ সদস্য আয়নুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর দেওয়া এক ভিডিওবার্তায় সংসদ সদস্য আয়নুল হক অভিযোগ করে বলেন, “আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। সন্ত্রাসী এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার বিকেলে ধানগড়া এলাকায় এমপি আয়নুল হক অবস্থানকালে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ও তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আয়নুল হক।

এ ঘটনার পর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করছেন।