
প্রতিনিধি,উল্লাপাড়াঃ
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জ রোড গোলচত্বর (ইন্টারচেঞ্জ) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পথসভাকে সফল করতে সলঙ্গা থানা ও হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
প্রস্তুতি সম্পর্কে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির এবং জামায়াত মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলাম শহীদ বলেন, “আগামী ১৯ সেপ্টেম্বরের পথসভাকে সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হবে।”
হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, “পথসভাকে ঘিরে হাটিকুমরুল ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। কর্মসূচি সফল করতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুল ইসলাম বলেন, “পথসভায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হোক।”
এবিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিকুল ইসলাম বলেন, “এ পথ সভায় উত্তর বঙ্গের ইতিহাসে সবচেয়ে বেশী জনসমাগম ঘটবে ইনশাআল্লাহ।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পথসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হয়েছে। রাশেদুল ইসলাম শহীদ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা কর্মসূচিকে কেন্দ্র করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জামায়াতের নিজস্ব সহস্রাধিক স্বেচ্ছাসেবক দল শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন।”
আয়োজকদের প্রত্যাশা, ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় অনুষ্ঠিতব্য পথসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
