বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি, জয়পুরহাট :
বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কানাডাসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর তাদের জাল ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট দেওয়া হয়েছে। টাকা ফেরত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী ছানোয়ার হোসেন৷অভিযোগ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই পাঁচখুপি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন বিভিন্ন এলাকায় অবস্থান করে নিজেকে মালয়েশিয়া প্রবাসী হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। বিদেশে পাঠানোর কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি।ক্ষেতলাল থানায় দেওয়া লিখিত অভিযোগে এক ভুক্তভোগী ছানোয়ার হোসেন উল্লেখ করেন, কয়েক বছর আগে নারায়ণগঞ্জে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে মোশারফ হোসেনের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে মোশারফ তাকে কানাডায় পাঠানোর জন্য ভালো ভিসা, কাজের সুযোগ ও ভালো বেতনের কথা বলেন। তার কথায় বিশ্বাস করে প্রায় ১৪ মাস আগে কানাডায় যাওয়ার উদ্দেশ্যে মোশারফ হোসেনকে মোট ২ লাখ ১২ হাজার টাকা দেন তিনি।
অভিযোগে বলা হয়, ওই টাকার মধ্যে মোশারফ হোসেনের ব্যবহৃত একটি বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠানো হয় এবং বাকি ১ লাখ ৪৬ হাজার ২০০ টাকা নগদ দেওয়া হয়।
পরবর্তীতে মোশারফ হোসেন ভুক্তভোগীকে কানাডার একটি ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট দেন। তবে এসব কাগজপত্র যাচাই করতে গিয়ে সেগুলো জাল ও ভুয়া বলে জানতে পারেন বলে অভিযোগকারীর দাবি এতে ভুক্তভোগী বিদেশ যেতে অনিচ্ছা প্রকাশ করলে তার কাছে আরও ৭ লাখ টাকা দাবি করা হয় এবং সাত দিনের মধ্যে টাকা না দিলে আগের টাকা ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীদের দাবি, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মোশারফ হোসেনের বিরুদ্ধে আরও অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের টাকা ফেরত এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার বিনাই পাঁচ খুপি মোশারফ হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে প্রতিবেশীরা বলছে মোশারফ দেশের বিভিন্ন স্থান থেকে টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন সে কখনো বিদেশের লোক পাঠাতে পারেনি৷ সে একজন প্রতারক৷
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুল আলম বলেন বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ এর একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক এটি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷