
নিজস্ব প্রতিবেদক :
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও নির্বাচন কত ধাপে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
কমিশনের সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহ নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাখা হয়েছে। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারের মেশিনের অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি সম্পাদনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়টি স্লটে এবং কোন কোন সময়ে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করে ঘোষণা করা হবে।
তবে ইউপি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল নির্বাচন কমিশন থেকে একযোগে ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কমিশন নির্বাচনের স্লট বা সময়কাল নির্ধারণ করবে এবং মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার তফসিল ঘোষণা করবেন।
ফলে আজকের কমিশন সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন দেশের বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীসহ সাধারণ ভোটাররা। কমিশনের সিদ্ধান্তের পর নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
