সর্বশেষ

মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রুস্তম নগর গোল্ডকাপের উদ্বোধন

প্রকাশ: ৬ ঘন্টা আগে

প্রতিনিধি,পার্বতীপুর (দিনাজপুর) :
“ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরের আদর্শ কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘রোস্তমনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (১ম বর্ষ)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদত হোসেন (শাদো)।আজ বিকালে অনুষ্ঠিত এই উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দাউদপুর ফুটবল একাডেমি এবং বিরল ফুটবল একাদশ। অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য এই খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরবর্তীতে টাইব্রেকারে ৪-২ গোলে দাউদপুর ফুটবল একাডেমিকে হারিয়ে শুভ সূচনা করে জয়লাভ করে বিরল ফুটবল একাদশ। নারী-পুরুষ ও নানা বয়সের ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

​ম্যাচটিতে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন উত্তরবঙ্গের স্বনামধন্য ধারাভাষ্যকার এবং ‘অধুমপায়ী ফোরাম (অফ)-এর পার্বতীপুর উপজেলা শাখার উপদেষ্টা মোঃ খোরশেদ রায়হান। তাঁর চমৎকার ও সাবলীল ধারা বর্ণনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলাটি নিখুঁতভাবে পরিচালনা করেন প্রধান রেফারি মোঃ হারুনুর রশিদ। তাঁকে সহকারী রেফারি হিসেবে সহযোগিতা করেন মোঃ সুজন হোসেন, সাগর হোসেন ও জুয়েল ইসলাম।

​অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলার মাঠে ফেরাতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পার্বতীপুর পৌর বিএনপির আহ্বায়ক  মোঃ আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম প্রামাণিক ও  মোঃ রবিউল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ১ম সদস্য  শ্রী দীপংকর সাহা মানিক এবং পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  সুশিল চন্দ্র সরকার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  মোঃ রোস্তম আলী। টুর্নামেন্টটি আয়োজন করেছেন যারা তারা হলেন  ‘রোস্তমনগর ফুটবল একাদশ এর  রুবেল, রনি বাবু, রিংকু, শান্ত, রাজু, আপন, নুরনবী, শাওন ও মেহেদী। ​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় মুখোমুখি হবে ব্রিজ একাদশ (ফুলবাড়ী) বনাম ফুটবল একাদশ (মিঠাপুকুর)। আয়োজকরা সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য বিনীত আমন্ত্রণ জানিয়েছেন।