
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় জমি কটের টাকা দিতে যাওয়ার পথে হেলাল উদ্দিনের বাবাকে মারধর করে তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে এলাকার শীর্ষ সন্ত্রাসী সজল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে।অভিযুক্ত সজল জনতার হাতে আটক হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সলঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়,আজ শুক্রবার সকাল ৭টার দিকে সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।জমি কটের টাকা দিতে যাওয়ার সময় হেলাল উদ্দিন খন্দকারের বাবা আব্দুল হান্নানের পথরোধ করেন একাধিক মামলার আসামি, এলাকার শীর্ষ সন্ত্রাসী সজল ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা আব্দুল হান্নানের ওপর হামলা চালিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করেন। এমন সময় তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় হান্নানের ডাক চিৎকার স্থানীয়রা এগিয়ে এসে সজলকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়।
হামলায় আব্দুল হান্নান গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগকারী হেলাল উদ্দিন খন্দকার জানান,ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৪ জনকে আসামী করে তিনি সলঙ্গা থানায় এজাহার করেছেন।
স্থানীয়রা জানায়,অভিযুক্ত সজল ও তার সহযোগী আউয়াল,নাসির, মোতালেবদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড,হামলা ও লুটপাটের একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান,অভিযুক্ত সজলকে আটক করে থানায় আনা হয়েছে। বিকেলে তাকে কোর্টে সোপর্দ করা হয়।এ ঘটনায় সজলসহ ৪জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।ঘটনার বিষয়ে পুলিশের সঠিক তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার।
