জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন- রফিকুল ইসলাম খান

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

রোববার (২ আগস্ট) সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে জনগণের সমর্থন নেওয়া হয়েছে। কিন্তু সেই ভোটে জয়ী হওয়ার পরও কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না? জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন।”

উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ কখনোই ভুলে যাওয়ার সুযোগ নেই। আমরা আপনাদের প্রতিপক্ষ নই, দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত।”

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই জনগণের দেওয়া ম্যান্ডেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন সলঙ্গা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা নায়েবে আমীর ড. নজরুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক আব্দুল বারী, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব, পৌর আমীর আব্দুল করিম এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান। এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তান এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী।