সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি এবং দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, বিভিন্ন সংবাদ প্রকাশের জেরে দীর্ঘদিন ধরে হুমকি, ভয়ভীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হচ্ছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া লিখিত আবেদনে শরীফুল ইসলাম ইন্না অভিযোগ করেন, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, তাঁর ভাই পৌর যুবদলের সহ-সভাপতি সনি আহম্মেদ শামীম, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তার এবং আলী আশরাফসহ কয়েকজনের কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
আবেদনে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তারের কর্মকাণ্ড নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর অভিযুক্তদের সমর্থকদের পক্ষ থেকে তাঁকে লেখালেখি বন্ধ করার চাপ দেওয়া হয়। পরবর্তীতে ভুয়া ফেসবুক আইডি খুলে তাঁর বিরুদ্ধে অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শরীফুল ইসলাম ইন্না আরও জানান, এ বিষয়ে তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্টের ঘটনায় আদালতেও মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কার্যকর প্রতিকার না পাওয়ায় তিনি রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন।
আবেদনের শেষাংশে তিনি বলেন, যেকোনো সময় তাঁর ও তাঁর পরিবারের ওপর হামলার আশঙ্কা রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের দায়ী থাকার কথাও তিনি লিখিতভাবে উল্লেখ করেছেন।
তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
