৮২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সিরাজগঞ্জের শিক্ষক হাসান ইমামের ১ বছরের সাজা

প্রকাশ: ১৪ minutes ago

প্রতিনিধি,কামারখন্দঃ

৮২ লাখ ৮৮ হাজার ১২৪ টাকার চেক ডিজঅনার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের মো. হাসান ইমাম তালুকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, নেত্রকোণার যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মিথিলা ফারজানা নীপা গত ৬ এপ্রিল ২০২৬ এক আদেশে হাসান ইমাম তালুকদারকে দণ্ডবিধির ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করেন। আদালতের আদেশে জরিমানার ৮২ লাখ ৮৮ হাজার ১২৪ টাকা অভিযোগকারী পাওয়ার অধিকারী বলে উল্লেখ করা হয়েছে।
মামলার নথিতে জানা যায়, ঋণের টাকা পরিশোধের জন্য হাসান ইমাম তালুকদার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিরাজগঞ্জ শাখার একটি চেক দেন। ২০২১ সালের ২০ সেপ্টেম্বরের ওই চেকের মূল্য ছিল ৮২ লাখ ৮৮ হাজার ১২৪ টাকা। ২৬ অক্টোবর চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়। পরে ১৮ নভেম্বর তাকে আইনি নোটিশ দেওয়া হলেও পাওনা টাকা পরিশোধ করা হয়নি।
এদিকে আদনান এগ্রো লিমিটেডের ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা করা অভিযোগে হাসান ইমাম তালুকদারের বিরুদ্ধে একই অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি ২০১৮ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটির পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়ে ২০২১ সালের মে পর্যন্ত নগদ ও বাকিতে পোল্ট্রি ফিড ক্রয় করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের কাছে তার ৮২ লাখ ৮৮ হাজার ১২৪ টাকা পাওনা হয়।
হাসান ইমাম তালুকদার চৌবাড়ী ড. সালাম-জাহানারা ডিগ্রি কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন বলে বিভিন্ন নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে। অনলাইনে পাওয়া পূর্ববর্তী সংবাদেও তাকে দৈনিক জয়সাগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছে।
তার শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি কোন সময় থেকে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সময়ে অন্য পেশা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন কি না—এটি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।
সাজার বিষয়ে হাসান ইমাম তালুকদার বলেন, “সাজার বিষয়ে আমার জানা নাই। আপনারা কাগজপত্র দেখেন, কী হয়।”
চৌবাড়ী ড. সালাম-জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জোনায়েদ হোসেন বলেন, তিনি দীর্ঘদিন কলেজে আসেননি এবং তার বেতন কর্তন করা হয়েছিল। চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা হয়েছে শুনেছেন বলেও জানান তিনি।
কলেজের সভাপতি আজিজ সরকার বলেন, সাজার বিষয়টি নিয়ে তারা মিটিং করেছেন। হাসান ইমাম সময় নিয়েছেন। সময় পার হওয়ার পর কলেজ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে হাসান ইমাম তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও নথিপত্রের মাধ্যমে যাচাই প্রয়োজন।