
প্রতিনিধি, সলঙ্গাঃ
“চলো যাই স্কুলে, মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ ভুলে”—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী পিপিএম।
বিদ্যালয়ের সভাপতি কে. এম. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বর্তমানে সমাজ ও শিক্ষার্থীদের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং সাইবার অপরাধের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সামাজিক এসব ব্যাধি প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সচেতনতামূলক এ সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে নিজেদের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে।
