সলঙ্গার মালতীনগর উইনস্টন আইডিয়াল স্কুলে এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য

প্রতিনিধি,সলঙ্গা :
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

সারাদেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার কমে যাওয়ায় অনেকেই যখন হতাশ,তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়ে আলোচনায় এসেছে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর আমতলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান “উইনস্টন আইডিয়াল স্কুল”।
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জন কৃতকার্য হয়েছে।ফলাফল বিশ্লেষণে দেখা যায় বিজ্ঞান বিভাগ থেকে ১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৩ জনই কৃতিত্বের সহিত পাশ করে এবং মানবিক বিভাগ থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৫জন পরীক্ষার্থী পাশ করেন। বিদ্যালয়টির সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭১ শতাংশ।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, কৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।কৃতকার্য শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ,সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম বলেন,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পাঠদান ও দিকনির্দেশনা এবং অভিভাবকদের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
সিনিয়র সহকারী শিক্ষক আতিকুল ইসলাম ডাবলু বলেন,শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল এবং ভবিষ্যতে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষার সার্বিক মান আরও উন্নত করতে শিক্ষক,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
রায়গঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত উইনস্টন আইডিয়াল স্কুলের এমন সাফল্য শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।