
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দুলাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চের পথসভায় অংশ নেন দুলাল হোসেন। পরে তিনি সিরাজগঞ্জ শহরের দরগা রোডে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যান। এশার নামাজ শেষে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করলে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত আভিসিনা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে হৃদ্রোগজনিত সমস্যার কথা জানা গেলেও চিকিৎসকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
