পরিবেশ রক্ষায় উল্লাপাড়ায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ১ দিন আগে

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার কৃষকগঞ্জ-তালগাছি সড়কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। পরে তিনি সড়কের পাশে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন।

এলজিইডি উল্লাপাড়া উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার উপজেলা পরিষদ চত্বর এবং তিনটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে মোট ১ হাজার ৫০০টি বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এসব গাছের মধ্যে পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী বিভিন্ন প্রজাতির চারা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ যেমন পরিবেশকে শীতল রাখে, তেমনি বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহের মাধ্যমে মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বনজ, ফলজ ও ঔষধি গাছ অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দিক থেকেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

উল্লাপাড়া উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়িত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মসূচির আওতায় রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এসব গাছ সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সবুজায়নের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • উল্লাপাড়া
  • এলজিইডি
  • বৃক্ষরোপন