কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

প্রতিনিধি, কুমিল্লা:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

রোববার(২ আগস্ট) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। বিধি মোতাবেক জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।