
প্রতিনিধি,নাটোরঃ
নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নূর ইসলাম (১ বছর ৮ মাস ২৫ দিন) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।মৃত শিশু নূর ইসলাম ওই গ্রামের মো. রাকিব সরদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল অনুমান ৩টার দিকে শিশু নূর ইসলাম বাড়ির উঠানে খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে বাইরে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পার্শ্বে প্রতিবেশী মো. মুরাদ সরদারের পুকুরে শিশুটি পড়ে গেছে বলে সন্দেহ হয়।
পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানি থেকে তল্লাশি চালিয়ে বিকেল অনুমান ৫টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
