
প্রতিনিধি,তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করে শেষ রক্ষা হয়নি স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীর। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার রাতে ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু জব্দ করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার (১৬ নভেম্বর) মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
