অর্থ আত্মসাতের মামলায় বিনায়কপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ আটক

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বিনায়কপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুস সামাদকে আটক করা হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) সিরাজগঞ্জ আদালতে মামলায় জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।।

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট নথি থেকে জানা যায়, বিনায়কপুর দাখিল মাদ্রাসার বিভিন্ন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে টিউশন ফি, মাদ্রাসার আয় এবং অন্যান্য খাতের টাকা আত্মসাতের অভিযোগে সুপারসহ মাদ্রাসার ১৫ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় মোট ১৫ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার বিভিন্ন আয়-ব্যয়ের হিসাবের ক্ষেত্রে অনিয়মের পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টিউশন ফি ও অন্যান্য অর্থের একটি অংশ সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীরা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে বিনায়কপুর দাখিল মাদ্রাসার সুপারসহ সহকারী সুপার, শিক্ষক, অফিস সহকারী, আয়া ও নিরাপত্তাকর্মীসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে মাদ্রাসার বিভিন্ন শিক্ষক-কর্মচারীর সঙ্গে সংঘটিত বিরোধ ও অর্থ আত্মসাতের কয়েকটি ঘটনার বিবরণও দেওয়া হয়েছে।

মামলার অন্যতম আসামি মাদ্রাসার সুপার মো. আব্দুস সামাদ সোমবার সিরাজগঞ্জ আদালতে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদ্রাসার অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা এর প্রতিকার পাননি। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ও মামলা করা হয়।