লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দেওয়ার দাবি করে আলোচনায় আসা ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম এবার নতুন এক ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর দাবি, ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে বনসাম দাবি করেছিলেন, তিনি হ্যারি কেইনকে গোল করতে দেবেন না। সে সময় তিনি বলেছিলেন, দেশের স্বার্থে কেইনকে আটকে রাখতে তিনি আধ্যাত্মিক শক্তি ব্যবহার করছেন। সেই ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র হয় এবং চলতি বিশ্বকাপে সেটিই ছিল কেইনের একমাত্র ম্যাচ, যেখানে তিনি গোল পাননি।

নানা কোয়াকু বনসাম
ম্যাচের পর বনসাম আবারও আলোচনায় আসেন। তিনি দাবি করেন, এখন তিনি কেইনকে ‘মুক্ত’ করে দিয়েছেন এবং পরের ম্যাচেই ইংল্যান্ড অধিনায়ক গোল করবেন। কাকতালীয়ভাবে, পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ জয়ের ম্যাচে গোলও করেন কেইন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বনসামের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়।
এবার তাঁর নজর আর্জেন্টিনার দিকে। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেই জয় পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
বনসামের ভাষায়, “শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।”
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ শক্তিশালী। এখন পর্যন্ত সাতবার আফ্রিকার প্রতিপক্ষের মুখোমুখি হয়ে ছয়টি ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে পাঁচটি জয় এসেছে নাইজেরিয়ার বিপক্ষে এবং একটি আইভরি কোস্টের বিপক্ষে।
আফ্রিকার কোনো দলের কাছে আর্জেন্টিনার একমাত্র হারটি আসে ১৯৯০ বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে। এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে কোনো আফ্রিকান দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
তাই নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, নাকি পরিসংখ্যানই শেষ পর্যন্ত কথা বলবে—সেই উত্তর মিলবে ৪ জুলাই মায়ামির ম্যাচেই।
