
প্রতিনিধি, থানচি (বান্দরবান) :
আজ ঢাকা মিরপুর থেকে ০৬ সদস্যের একটি পর্যটক দল থানচি উপজেলার বাঘের লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে যায়। ভ্রমণকালে পর্যটক দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম, পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-পূর্ব সেনপাড়া পর্বতা দক্ষিণ, ডাকঘর-মিরপুর টি.এস, জেলা-ঢাকা, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্নপ্রায় এলাকায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা কামনা করা হয়।
পর্যটকের পরিবারের অনুরোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে বিজিবির একটি বিশেষ টহল দল ০২টি নৌকাযোগে দুর্গম লাংলোক ঝর্ণা এলাকায় দ্রুত পৌঁছে গুরুতর অসুস্থ পর্যটকসহ তার সঙ্গীদের উদ্ধার করে। পরে বিজিবি সদস্যরা অসুস্থ পর্যটককে ঘটনাস্থলেই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি সহায়তা নিশ্চিত করেন।
পরবর্তীতে বিজিবি সদস্যরা অসুস্থ পর্যটকসহ অন্যান্য পর্যটকদের নৌকাযোগে নিরাপদে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৬০০ ঘটিকায় তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণ ও পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে বিজিবি মানবিক সহায়তা প্রদান করে আসছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
